বাঁশখালীতে কুম্ভ মেলার আয়োজন নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঋষিকুম্ভ মেলার আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে বলে জানা গেছে।জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কালীপুর ইউনিয়নে ছয় দিনব্যাপী ঋষিকুম্ভ মেলা হওয়ার কথা। প্রতি তিন বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়। পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, মেলার আয়োজন নিয়ে সম্মিলিত সপ্তদশ ঋষিকুম্ভ মেলা উদ্যাপন পরিষদ ও শ্রীগুরু সংঘ নামের দুই সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষ ওই মেলা এলাকার জমির মালিক এবং অন্য পক্ষ পুরোহিতের উত্তরাধিকারী বলে দাবি করে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে।জানা গেছে, এবারের কুম্ভ মেলার আয়োজনের অংশ হিসেবে গতকাল থেকে কালীপুর ঋষিধামে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অতিথিরা ধাম ত্যাগ করার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, অতিথিরা চলে যাওয়ার পর সম্মিলিত সপ্তদশ ঋষিকুম্ভ মেলা উদ্যাপন পরিষদের সদস্যরা আশ্রমে ঢোকেন। এ সময় শ্রীগুরু সংঘের সদস্যদের সঙ্গে তাঁদের প্রথমে বাগিবতণ্ডা ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১২-১৩ জন আহত হন। দুই পক্ষকে সরিয়ে দিতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।