বাঁশখালীতে গুলিতে একজন খুন গ্রেপ্তার ১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে শনিবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় গতকাল রোববার দুপুরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত ব্যবসায়ীর নাম বদরুজ মেহের চৌধুরী (৫৫)। একই ঘটনায় তাঁর ছেলে ফারুক চৌধুরীও গুলিবিদ্ধ হয়েছেন। ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. মোরশেদ (৩০)। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তাঁর বাবার নাম ছিদ্দিক আহমদ। তাঁর বাড়ি চাম্বল এলাকায়। ছিদ্দিক আহমদের সঙ্গে চাম্বল বাজারের ব্যবসায়ী বদরুজ মেহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের এই বিরোধ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে চাম্বল বাজারে বদরুজ মেহের ও ছেলে ফারুককে গুলি করা হয়। এতে বদরুজ মারা যান। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।’