বাঁশখালীতে জলদস্যু গ্রেপ্তার
একটি এলজিসহ তালিকাভুক্ত এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ছনুয়া ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. নুরুচ্ছাফা (৪৫)। শুক্রবার নুরুচ্ছাফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নুরুচ্ছাফা আবার এলাকায় আসা-যাওয়া শুরু করেন বলে পুলিশের জানিয়েছে।
নুরুচ্ছাফা বাঁশখালী থানার ছনুয়া ইউনিয়নের খাসপাড়া এলাকার ছৈয়দুল আমীনের ছেলে। তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে। নুরুচ্ছাফার বিরুদ্ধে চারটি অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নুরুচ্ছাফা এলাকায় জলদস্যু হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খাসপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তিনি আবার এলাকায় আসা-যাওয়া শুরু করেছেন।
১৫ জুন বাঁশখালীর ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।