বাঁশখালীতে ডাকাতদের হাতে সোর্স খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে সফি আলম (৩৮) নামে কোস্টগার্ডের এক সোর্স খুন হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাঁশখালীর বাইশ্যা ডাকাতের সহযোগীরা তাঁকে খুন করেছে বলে বাঁশখালী থানার ওসি কামরুল হাসানের ধারণা। সফি এলাকায় কোস্টগার্ডের সোর্স হিসেবে পরিচিত। ওসি জানান, উপজেলার কদুরখিল এলাকায় বাইশ্যা ডাকাতের বাহিনীরা অবস্থান করছে, এ খবর পেয়ে সফি আলম লোকজন নিয়ে নদীর পাড়ে অবস্থান করেন। এ সময় ডাকাত দল লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে সফিকে শ্বাসরোধে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সফির মৃত্যু হয়। এদিকে বাইশ্যা ডাকাতের সহযোগীরা অবস্থান করছে—খবর পেয়ে কোস্টগার্ড ওই সময় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। পরে অস্ত্রসহ বাইশ্যা বাহিনীর রহিমা ডাকাতসহ ১৫ জনকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।
ওসি কামরুল হাসান বলেন, ‘শুক্রবার গ্রেপ্তার হওয়া ১৫ ডাকাতকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত আদালতে পাঠানো হয়নি বলে ওসি জানান।