বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছররা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনার জালিয়াখালী বাজারে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নুরুল কাদের (৩৪), আনসার উল্লাহ (৪৫), আমান উল্লাহ (৫০), আবদুল করিম (৫৪) ও মোহাম্মদ মোস্তাক (৩০)। সবাইকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আনসার উল্লাহ, আমান উল্লাহ ও মোহাম্মদ মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানান চিকিৎসা কর্মকর্তা জুবুরিয়া শারমিন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সরল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী বলেন, কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত ইউপি সদস্য জামাল উদ্দিন এবং একই ওয়ার্ডের পরাজিত জামায়াত সমর্থিত প্রার্থী আহমদ উল্লাহের সমর্থকদের মধ্যে ইফতারের সময় জালিয়াখালী বাজারে এ সংঘর্ষ হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে নির্বাচন-সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। এ ব্যাপারে কোনো পক্ষ এখনো মামলা করেনি।