চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্র জানায়।সংঘর্ষে গুরুতর আহত মোহাম্মদ আমিন (৪০), মোহাম্মদ কায়সার (২৫) ও আবদুস শুক্কুরকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছয়জনকে স্থানীয় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাঁশখালী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মীরাপাড়া-সংলগ্ন নাপোড়া ভিলেজারপাড়া গ্রামের মৃত বদি আহমদের ছেলে মোহাম্মদ আমিনের সঙ্গে তাঁর ভাই জয়নাল আবেদীনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে আমিন সহযোগীদের নিয়ে ওই বিরোধপূর্ণ জায়গায় গেলে তাঁর ভাই জয়নালের লোকজন তাদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষ দা, কিরিচ, লোহার রডসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া প্রথম আলোকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় মামলা করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।