বাঁশখালীতে নিহতের স্বজন ও আহতদের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে গুলিতে নিহত চারজনের পরিবারকে ১৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আজ শুক্রবার বিকেলে নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে চেক তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া আহত ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ ও সামান্য আহত ব্যক্তিদের ২৫ হাজার টাকার করে চেক দেওয়া হয়। 

গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষ ও বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। আহত হন অনেকে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আজ বিকেলে গণ্ডামারার চরপাড়ায় নিহত দুই ভাই আনোয়ারুল ইসলাম ও মুর্তজা আলীর পরিবারের সদস্যদের ১৫ লাখ টাকার করে দুটি চেক তুলে দেন । এ সময় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, গুলি করে মানুষ মেরে সরকার বিদ্যুৎকেন্দ্র করতে চায় না। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে কোনো প্রকল্প করবে না সরকার। এ মুহূর্তে জনগণের বিদ্যুৎকেন্দ্রের চাহিদা রয়েছে। কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির কারণে কয়লা বিদ্যুৎকেন্দ্রে আগের মতো ধোঁয়া বের হয় না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষয়ক্ষতি আছে কি না, তা দেখাতে এলাকার লোকজনকে বিদেশে নিয়ে যাওয়া হবে।
পরে জেলা প্রশাসক চরপাড়া মসজিদ মাঠে গিয়ে নিহত জাকের আহমেদ ও জাকির হোসেনের পরিবারকে ১৫ লাখ করে দুটি চেক দেন। এ ছাড়া আহত ১১ জনকে এক লাখ টাকা করে দেন। কম আহত ৪৭ জনকে ২৫ হাজার টাকা করে দেন। আজ সর্বমোট ৮২ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয় বলে প্রথম আলোকে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।
গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির সহসভাপতি শফকত জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক নিহত ও আহত ব্যক্তিদের অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি জনগণের মতামত উপেক্ষা করে কোনো প্রকল্প সরকার করবে বলে জানান। তবে ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির’ আহ্বায়ক লিয়াকত আলী আজ উপস্থিত ছিলেন না।
এদিকে বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সচেতন নাগরিক ফোরাম আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।