বাঁশখালীতে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের মীর কামাল (৩২) ও লিয়াকত আলী (২৭)। আহত শ্রমিক মো. হালিমুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী এলাকার দক্ষিণপাড়া তুলামুড়া পাহাড়ের মাটি কেটে ট্রাকে ভরছিলেন সাত-আটজন শ্রমিক। বেলা একটার দিকে ট্রাকে মাটি ভরার সময় পাহাড় ধসে তিন শ্রমিক চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই মীর কামাল নিহত হন। গুরুতর আহত লিয়াকত আলী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি যেহেতু বাঁশখালী সীমান্তে ঘটেছে, তাই সেখানকার থানা বিষয়টি দেখছে। তবে শ্রমিকেরা যেহেতু সাতকানিয়ার, সে কারণে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, পুকুরিয়া ইউনিয়নের গণি মিয়া ও সবুজ নামের দুই ভাইয়ের ব্যক্তিমালিকানাধীন পাহাড় কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। অবহেলাজনিত কারণে শ্রমিকদের মৃত্যু ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।