বাঁশখালীতে পাহাড় ধসে নিহত ২
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. লিয়াকত ও মীর কামাল। তাঁরা দুজনই শ্রমিক। তাঁদের বাড়ি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে। এ ঘটনায় আহত হয়েছেন মো. হালিম।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার গণি মিয়া ও সবুজ নামের দুই ভাইয়ের ব্যক্তিমালিকানাধীন পাহাড় কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মাটি কাটার জন্য সাত থেকে আটজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বেলা একটার দিকে হঠাৎ পাহাড়ের ওপর থেকে মাটি ধসে তিনজন চাপা পড়েন। এর মধ্যে মীর জামাল ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান লিয়াকত। আহত হালিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, অবহেলার কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে কি না, খতিয়ে করে দেখা হবে। এ ঘটনায় মামলা করা হবে।