বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল এলাকায় পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম রেশমি আক্তার (৩)। তার বাবার নাম শফিউল আজম।

পুকুরে ডুবে শিশু রেশমির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আলম।

শিশুটির পরিবারের প্রতিবেশী আবু হানিফ বলেন, তাঁরা বিলে কাজ করছিলেন। হঠাৎ শুনতে পান, তাঁদের এক প্রতিবেশীর মেয়ে রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপর এক প্রতিবেশী জানালেন, রেশমিকে তাঁদের বাড়ির পাশের একটি পুকুরের দিকে যেতে দেখেছেন। তাঁর কথা শুনে বেশ কয়েকজন যুবক পুকুরটিতে রেশমিকে খুঁজতে নামেন। বেশ কিছুক্ষণ পর পুকুরের পানির নিচে শিশুটির নিথর দেহ খুঁজে পাওয়া যায়।
আবু হানিফ জানান, রেশমিকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।