বাঁশখালীতে বন বিভাগের দুই শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক-সংলগ্ন পাহাড়ে বন বিভাগের লাগানো বাগান থেকে দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনি ও রোববার এসব গাছ কাটা হয় বলে এলাকাবাসী জানান। তাঁরা এ জন্য বন বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন।বাঁশখালী ইকোপার্কের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জিত মণ্ডল গাফিলতির দাবি অস্বীকার করে বলেন, বাগানের দুই শতাধিক গাছ কাটার ব্যাপারে বনের উপকারভোগী মো. ইদ্রিস সাতজনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করেছেন। তাঁরা হলেন জাকের হোসেন, সোহেল, তাজুল ইসলাম, সিকান্দার, শাহীন, আফছার ও আবু বকর। এ ছাড়া নাম উল্লেখ না করে কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালী ইকোপার্ক-সংলগ্ন জলদী এলাকায় পাহাড়ি টিলায় ২০০২-০৩ সালে চার একর জায়গার ওপর সামাজিক বনায়নের আওতায় গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে আম, কাঁঠাল, মেহগনি, একাশি, জামগাছ ছিল। গত সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানের মধ্যে ছোট-বড় কাটা গাছের ডালপালার স্তূপ পড়ে আছে। দুর্বৃত্তরা গাছের কাণ্ড নিয়ে গেছে। সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, গাছ কাটার অভিযোগে মামলা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।