বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সেনাবাহিনীকে কাজে লাগানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সেনাবাহিনীকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের ৩৯ জন মুক্তিযোদ্ধা। গতকাল মঙ্গলবার বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুভাষ আচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হলে চট্টগ্রামসহ গোটা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। বেসরকারি উদ্যোগে এ ধরনের বড় বিনিয়োগের প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসীও গৌরবান্বিত হবে। কিন্তু এখানকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চট্টগ্রামবিদ্বেষী কোনো মহল ষড়যন্ত্র করছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাঁশখালীর বড় বিনিয়োগে বাধা সৃষ্টি কাম্য নয়। এই পরিস্থিতিতে দেশের নাগরিক ও মুক্তিযোদ্ধা হিসেবে বিপুল বিনিয়োগের বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানকে সব ধরনের প্রশাসনিক ও নৈতিক সমর্থন দিতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে সেনাবাহিনীর জওয়ানরা তাঁদের মেধা, আন্তরিকতা, কঠোর শ্রম ও নিষ্ঠা দিয়ে ঢাকার ফ্লাইওভার তৈরি এবং পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জিং কাজ করছেন, যা দেশবাসীর কাছে প্রশংসিত। তাই আমরা গণ্ডামারা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সেনাবাহিনীর জওয়ানদের কাজে লাগাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুভাষ আচার্য, মুক্তিযোদ্ধা শফিকুল হাসান, মোহাম্মদ ইসহাক মন্টু, জামাল উদ্দিন, গৌর শঙ্কর, আবুল হোসেন।