বাঁশখালীতে ভোটের জন্য মেজবান!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ মুহূর্তে কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী মেজবান দিয়ে ভোটার আকর্ষণের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শত শত লোক এসব মেজবানে অংশ নিচ্ছেন। উপজেলার ১৪ ইউপিতে কাল মঙ্গলবার ভোট হবে।এলাকা ঘুরে দেখা গেছে, অন্তত পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের নিজ নিজ এলাকায় মেজবান দিচ্ছেন। কেউ কেউ গরুর বদলে মহিষ দিয়ে মেজবান দিচ্ছেন। ভোট গ্রহণের আগে এভাবে মেজবানের আয়োজন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে জানা গেছে।বাঁশখালী উপজেলার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীর বিভিন্ন জায়গায় মেজবান দিয়ে ভোট চাওয়ার খবর শুনেছি, কিন্তু এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগ পাওয়া গেছে, শেখেরখীল ইউপির জহিরুল ইসলাম, গণ্ডামারার হারুনুর রশিদ তালুকদার, সরলের আমিনুর রশিদ চৌধুরী, বৈলছড়ির সোহাগু মিয়া এবং কালীপুরে আমিনুর রহমান চৌধুরী মেজবান দিচ্ছেন। আমিনুর রহমান বাঁশখালীর সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার আসামি।এলাকাবাসী জানান, গত শনিবার গণ্ডামারা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদের সমর্থনে মেজবান চলাকালে ধাক্কাধাক্কি হয়। প্রার্থী হারুন দাবি করেন, ‘ভোটারদের আবদার ছিল, এ কারণে শনিবার থেকে মেজবান চলছে। আজ সোমবার দুই গরুর মেজবান হবে।’শেখেরখীলের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলামের বাড়িতে শনিবার এক গরু ও রোববার এক গরুর মেজবান হয়। তিনি বলেন, ‘দিন-রাত ভোটাররা কষ্ট করছেন, তাই তাঁদের জন্য দুবেলা দুই মুঠো খাওয়ার আয়োজন করেছি।’ বৈলছড়ি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগু মিয়া মেজবান দিয়ে ভোট চাচ্ছেন। তাঁর বাড়িতে দুই দিন দুটি গরু জবাই করে মেজবান হচ্ছে। সোহাগু মিয়া মেজবান দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কিছু লোক খাচ্ছে। এতে ক্ষতির কী আছে?’কালীপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান বলেন, ‘বাঁশখালীর সবাই মেজবান দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি করলে দোষ কী?’আমিনুরের বাড়িতে শনিবার দুটি এবং রোববার দুটি গরুর মেজবান হয়েছে। আজ সোমবারও দুই গরুর মেজবান হবে। সরলের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রশিদ চৌধুরী মেজবান দিয়ে ভোটার আকর্ষণের চেষ্টা করার বিষয়টি স্বীকার করে বলেন, রোববার দুটি মহিষ এবং আজ দুই মহিষের মেজবান হচ্ছে।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার হাসনাত তারিক বলেন, বাঁশখালীতে আচরণবিধি লঙ্ঘন এবং মেজবান দিয়ে ভোট প্রার্থনার কথা শোনা গেছে। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় পদক্ষেপ নিতে পারছি না।’