বাঁশখালীতে ভোটের মাঠে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গু নদ পেরিয়ে বাঁশখালীর চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে যাই। সেখান থেকে মোটরসাইকেলে উপজেলা সদর। শিশিরভেজা পথ মাড়িয়ে যতই এগোচ্ছি, বিভিন্ন বাজারে চোখে পড়ছে দুই প্রার্থীর পোস্টার। দুজনের গণসংযোগ হাড়কাঁপানো শীতের মধ্যে যেন কিঞ্চিৎ উষ্ণতা ছড়িয়ে দিয়েছে।
‘সন্ত্রাসকবলিত দক্ষিণ চট্টগ্রামের’ বাঁশখালীতে জামায়াত-শিবির দলগতভাবে শক্তিশালী। এই উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৬ আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন নগরের কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা ও জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) হায়দার আলী। প্রতীক বাইসাইকেল।
নির্বাচন কেমন হচ্ছে, জানতে চাইলে উপজেলা সদরে একজন ভোটার বললেন, ‘ভালোই তো।’ কেমন ভালো? এই ভোটার বললেন, ‘এখানে তো আওয়ামী লীগ-বিএনপি লড়াই।’ মানে কী? বললেন, “বিএনপি-জামায়াত নির্বাচনে না থাকলেও ওদের একটি অংশ জেপির প্রার্থীর পক্ষে কাজ করছে। সঙ্গে আছে ‘আওয়ামী লীগের জামায়াতপন্থী অংশ’।”
স্থানীয় একাধিক রাজনীতিক ও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী তাঁর সম্বন্ধীকে (স্ত্রীর বড় ভাই) এ আসনে প্রার্থী করিয়েছেন বলে প্রচারণা আছে। বিএনপির কিছু তরুণ কর্মী জেপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বাঁশখালীর বিভিন্ন জায়গায় পোস্টারও লাগিয়েছেন এই তরুণেরা।
চট্টগ্রাম শহরতলির কাট্টলীর বাসিন্দা হায়দার আলী প্রায় ৬৫ কিলোমিটার দূরে বাঁশখালীতে কেন প্রার্থী হলেন, জানতে চাইলে বললেন, ‘আমাদের আদি বাড়ি বাঁশখালীর সাধনপুরে।’ কবে আপনারা শহরে চলে এলেন? হায়দার বললেন, ‘সম্ভবত ১৮৩০ সালের দিকে।’
নগরের তিনটি আসনের কোনোটিতে প্রার্থী না হয়ে বাঁশখালীতে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে হায়দার বলেন, ‘চট্টগ্রামে জেপির প্রার্থীকে একটি আসন দেওয়ার চিন্তাভাবনা ছিল। আমি বাঁশখালীকে বেছে নিয়েছি। কিন্তু এখানে আওয়ামী লীগ আমাকে ছাড় দিতে নারাজ। তবে আওয়ামী লীগের একটি অংশ এবং বিএনপি-জামায়াতের সমর্থন পাব বলে এখনো আশা করছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী আপনার কী হন—এই প্রশ্নে একটু সময় নিয়ে বলেন, ‘আমার ভগ্নিপতি।’ উনি কি আপনাকে প্রার্থী হতে উদ্বুদ্ধ করেছেন? জবাবে বললেন, ‘আরে না না, তিনি কেন বলবেন? ’
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশখালীতে এবারও আওয়ামী লীগের প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ১৯৯১ সালে সর্বশেষ সুলতানুল কবির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। এরপর আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারেনি।
আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে আমি বিএনপি-জামায়াতের বিরুদ্ধেই লড়ছি।’ তিনি বলেন, ‘বাঁশখালীতে জেপি বলতে কিছু নেই। হায়দার আলীর পক্ষে তাঁর ভগ্নিপতি জাফরুল ইসলাম চৌধুরীর লোকজন প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। তাঁর পোলিং এজেন্টও করা হচ্ছে বিএনপি-জামায়াতের লোকজনকে। সারা দেশের চিত্র কী, সেটা আমি জানি না। তবে বাঁশখালীতে বিএনপি-জামায়াত নির্বাচনী মাঠে আছে।’
নির্বাচনে দলের প্রার্থীর অবস্থা কেমন, জানতে চাইলে বাঁশখালী আওয়ামী লীগের ‘জামায়াতপন্থী অংশের’ নেতা হিসেবে পরিচিত উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘আমাদের প্রার্থী ছিলেন আবদুল্লাহ কবির ওরফে লিটন। তাঁকে সরিয়ে মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে। তাই ভোটকেন্দ্রে যাওয়ার সম্ভাবনা নেই।’
সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে এবারও আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত-বিএনপির লড়াই হচ্ছে। জেপির প্রার্থীর পক্ষে কাজ করছেন বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী।’
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও জাফরুল ইসলাম চৌধুরীর তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।