বাঁশখালীতে যুবক গুলিবিদ্ধ, পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে করিম উদ্দিন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালিপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ হানিফকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পূর্ব পালেগ্রামের একটি ঘরে ডাকাতির মামলার আসামি লুকিয়ে আছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘরটিতে সন্দেহভাজন ডাকাতসহ কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘর ছেড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কনস্টেবল মোহাম্মদ হানিফ দুটি গুলি ছোড়েন। এতে করিম উদ্দিনের ঊরু ও কোমরে ছররা গুলি লাগে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ডাকাত ধরতে গিয়ে কনস্টেবল হানিফ গুলি চালান। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। এসব অভিযানে গুলি চালানোর কোনো প্রয়োজন ছিল না। তাই কনস্টেবল হানিফকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।