বাঁশখালীতে শ্মশানের ৬২টি গাছ কেটে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি গ্রামের মাস্টারপাড়ার সর্বজনীন শ্মশানের ৬২টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
পাড়ার শ্মশান কমিটিকে না জানিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে এলাকার মৃদুল নামের এক ব্যক্তি ১০-১৫ জন লোক নিয়ে গাছ কেটে ফেলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের অনুমতি নিয়ে গাছগুলো কাটা হয়েছে বলে জানিয়েছেন শ্মশান কমিটির সভাপতি সন্তোষ দে ও সাধারণ সম্পাদক শুভংকর দে। তাঁরা আরও বলেন, ‘শ্মশানের নামে ৬২ শতক জায়গা রয়েছে। মাস্টারপাড়ার ৭৫টি পরিবারের মৃতদেহ সৎকারের জায়গা দান করেন রামচন্দ্র দে। এই অনুসারে মাস্টারপাড়ার নামেই এই শ্মশান। কারও ব্যক্তিমালিকানাধীন অধিকার না থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বেআইনিভাবে এই গাছ কাটার অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে হরতাল থাকায় সরাসরি অভিযোগ করতে না পারায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানকে মোবাইল ফোনে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। গাছ কাটার ব্যাপারে আমরা গতকাল বিকেলে থানায়ও একটি লিখিত অভিযোগ দিয়েছি। থানা-পুলিশও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’ কর্তব্যরত কর্মকর্তা এসআই মাকসুদ আহমদ বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘মৃদুল নামের এক ব্যক্তি আবেদন করলে আমি গাছগুলো কাটার অনুমতি দিয়েছি।’ মৃদুলের নামে কোনো কাগজপত্র না থাকলেও তাঁর নামে অনুমতি কেন দেওয়া হয়েছে, সে ব্যাপারে কোনো সদুত্তর দেননি তিনি।