বাঁশখালীতে সংঘর্ষের মামলায় জামিনে ১২ জন মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষের ঘটনায় করা পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১২ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা জামিনে মুক্তি পান। কারা ফটক থেকে তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এলাকার লোকজন। 

জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন আবদুল খালেক, ইকবাল হোসেন, আলী আহমদ, জহিরুল ইসলাম, আছদ আলী, শাহ আলম, মহিউদ্দিন, আক্তার হোসেন, হুমায়ুন কবির, আবদুল আলীম, রফিক আহমেদ ও আনছারুল্লাহ। তাঁরা সবাই প্রকল্প এলাকার বাসিন্দা।
এর আগে আজ দুপুরে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন ওই ১২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় দুটি হত্যাসহ পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে তিন সহস্রাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার দিন পুলিশ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে লোকমান নামের এক কিশোর পরীক্ষার্থী হওয়ায় সপ্তাহ খানেক আগে জামিন পান। মজিবুর রহমান নামের আরেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কাল মুক্তি পেতে পারেন।
জামিনে মুক্ত ১২ জন আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে হাজির হন। তাঁরা সাংবাদিকদের বলেন, পুলিশ গুলি করে চারজন লোককে হত্যা করেছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন নন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের ছররা গুলিতে তাঁরা সবাই কমবেশি আহত হয়েছেন।
এদিকে ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সরকারের কাছে দাবি জানানো হয়, অবিলম্বে এলাকা থেকে কমিটির মাধ্যমে ৪০ জন লোককে দেশের অভ্যন্তরে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করা। প্রয়োজনে ভারত অথবা চীনেও ১০ জনের পরিদর্শনের ব্যবস্থা করা।
গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা সাবেক মেয়র মাহমুদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ১৩ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটির উদ্যোগে সরকারের কাছে নয় দফা দাবি দেওয়া হয়েছিল। এর মধ্যে তিন দফা দাবি, গ্রেপ্তার আসামিদের মুক্তি, নিহত ব্যক্তিদের পরিবারকে ১৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। বাকি ছয় দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।
‘বসতভিটা ও গোরস্থান রক্ষা’ কমিটির আহ্বায়ক লিয়াকত আলী আন্দোলন কমিটির সঙ্গে আছেন কি না, প্রশ্ন করা হলে মাহমুদুল ইসলাম বলেন, লিয়াকত এখন এলাকায় নেই। তবে এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আমাদের সঙ্গে আছেন। এটি জনগণের আন্দোলন। লিয়াকতও জনগণের পক্ষে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি বদি আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহসভাপতি এনামুল হক প্রমুখ।