জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাহী ও বিচার বিভাগের বেশির ভাগ কক্ষে আগুন দিয়েছেন। এতে বেশির ভাগ নথিপত্র ও আসবাব পুড়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সহকারী জজ আদালত, নির্বাহী হাকিমের আদালত, কৃষি অফিস, খাদ্য অফিস, প্রকৌশল অফিস, মৎস্য অফিস, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কমিশনারের কার্যালয়, যুব উন্নয়ন কার্যালয় ও গুদামে আগুন দেওয়া হয়েছে। এসব কার্যালয়ের প্রায় সবগুলো নথিপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদের মাঠে পুড়ে যাওয়া কয়েকটি কম্পিউটার পড়ে থাকতে দেখা যায়। পুড়ে গেছে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অন্তত ১০টি গাড়ি। বাঁশখালী দেওয়ানি আদালতের পেশকার কবির আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনে দেওয়ানি আদালতের প্রায় চার হাজার এবং ফৌজদারি আদালতের পাঁচ হাজার নথি পুড়ে ছাই হয়ে গেছে। কর্মচারীরা অনেক চেষ্টা করে ৬০০ নথি রক্ষা করতে পেরেছেন। কবির আরও বলেন, বিকেল পাঁচটার পর সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কিছু লোক এসে সরাসরি আদালতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তাঁদের সঙ্গে আসা কিশোর ও উঠতি যুবকেরা সেই নির্দেশ পালন করেন। তাঁরা হাজতখানা থেকে দুজন আসামিকেও ছিনিয়ে নেন। সরকারি অফিস-আদালত ছাড়াও জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা অন্তত ১৫টি দোকান পুড়িয়ে দেয়। লুট করে খাদ্যের দোকান ও কুলিং কর্নার। বাঁশখালী থানার পাশের এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার একটি জ্বালানি তেলের দোকান, অটোরিকশার সরঞ্জামের একটি দোকানসহ তিনটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।’