বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চানপুর বাজার এলাকায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।
বাঁশখালী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মরিয়ম বেগম (৫৫) ও শ্রীপদ জলদাশ (৩৮)। তাঁদের দুজনের বাড়ি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সিএনজিচালিত একটি অটোরিকশা আজ সকালে বাঁশখালীর পেকুয়া থেকে চট্টগ্রাম নগরের মইজ্জারটেক যাচ্ছিল। পথে চানপুর বাজার এলাকায় সকাল সাড়ে ছয়টার দিকে একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রীর মধ্যে দুজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মরিয়মকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীপদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। পিকআপ ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানিয়েছেন।