বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও তাঁর ছেলে আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাণীগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নারী হলেন সোহাগ বেগম (৩০)। তিনি মহেশখালীর মৃত নাজির আহমেদের মেয়ে। ওই ঘটনায় আহত হয়েছে সোহাগের ছেলে আল আমিন (১০)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাণীগ্রাম বাজার এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাকের সঙ্গে মহেশখালীগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন সোহাগ বেগম। আহত হয় তাঁর ছেলে আল আমিন।

বাঁশখালীর রামদাস মুন্সীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, শহরমুখী একটি ট্রাকের সঙ্গে মহেশখালীগামী অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। সোহাগ বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।