বাঁশখালীতে গতকাল হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত এবং এক কিশোর গুরুতর আহত হয়েছে। বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে গতকাল বেলা দুইটায় এবং পুকুরিয়া ইউনিয়নে রাত তিনটায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শীতল দে (৫০)। তাঁর বাড়ি শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকায়। আহত কিশোরের নাম আল আমিন (১৪)। তার বাড়ি পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকায়।
শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াসিন জানান, বেলা দুইটার দিকে নাপোড়া পাহাড়ি এলাকায় একটি হাতি লোকালয়ে প্রবেশ করে। হাতিটি শীতল দেকে কাছে পেয়ে শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌরভ রায় চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা হাসপাতালে আনার পর বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়।
পুকুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ জানান, পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া এলাকার নুরুল হক ও নূর মোহাম্মদের বাড়ি এবং নতুনপাড়া এলাকার মো. জসিম ও মো. তাউহিদের বাড়িতে হাতি আক্রমণ করেছে। নাটমুড়া এলাকার নুরুল হকের বাড়ির প্রধান ফটক এবং জানালা শুঁড় দিয়ে ভেঙে ফেলেছে একটি হাতির পাল। অন্য তিন বাড়ির জানালা শুঁড় দিয়ে ভেঙে ফেলেছে একটি হাতি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
অন্যদিকে একই ইউনিয়নের মো. জসিমের ছেলে আল আমিন পাহাড়ি এলাকায় হাতির পালের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে গুরুতর আহত হয়। তার বাবা এবং স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, হাতির পালের পেছন পেছন দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে গর্তে পড়ে যায় আল আমিন। গর্তে পড়ে যাওয়া আল আমিনকে কাছে পেয়ে মাথায় পা দিয়ে আঘাত করে একটি হাতি। গর্তের ভেতরে থাকায় আল আমিন প্রাণে বেঁচে গেছে বলে জানান তার বাবা। তবে মাথায় আঘাত বেশি হওয়ায় তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
উপজেলা বন বিভাগের কালিপুর ও জলদী রেঞ্জ কর্মকর্তা মো. শাহাজাহান এবং জহিরুল কবির জানান, এলাকায় হাতির আক্রমণের খবর পেয়েছেন তাঁরা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, হাতির আক্রমণে এক ব্যক্তি মারা যাওয়ায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।