বাঁশখালীতে হামলায় আহত ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নুরুল কবির চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত শনিবার বলছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নাছির উদ্দিন টিপু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সন্ত্রাসীরা বলছড়ি ইউনিয়নের কেবি বাজারে প্রকাশ্যে নুরুল কবিরের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে লাঠি ও রড দিয়ে বেদম পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। নুরুল কবির সংজ্ঞা হারিয়ে ফেললে তারা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে নুরুল কবিরের মৃত্যু হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, বলছড়ি কেবি বাজারে নুরুল কবিরের ১০-১২টি দোকান আছে। এসব দোকান ও জায়গাজমির দখলসংক্রান্ত বিষয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন। নুরুল কবিরের স্ত্রী জান্নাতুল ফেরদাউস এ ব্যাপারে গতকাল রোববার বাঁশখালী থানায় একটি মামলা করেছেন।