বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় ফের অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩৭ জন আসামির বিরুদ্ধে আবার অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের এই আদেশ দেন।আদালত আগামী ১৫ মে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। চাঞ্চল্যকর এই মামলায় আসামিদের বিরুদ্ধে ‘ডাকাতি করতে গিয়ে খুন’-এর ধারা বাদ দেওয়া হয়। এর পরিবর্তে তাঁদের বিরুদ্ধে ‘সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুন’-এর অভিযোগ আনা হয়।উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় মামলার অন্যতম আসামি বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।অভিযোগ গঠনের সময় হাজতে থাকা তিনজনসহ ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ১৪ আসামি পলাতক।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগে আদালত ২০১১ সালের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সরকারি কৌঁসুলি (পিপি) আগের ধারা বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করতে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন জানান। গত ২৬ ফেব্রুয়ারি এই আবেদন জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ এপ্রিল পিপির আবেদনের ওপর শুনানি হয়। গতকাল ৩৭ আসামির বিরুদ্ধে নতুন ধারাগুলো আমলে নিয়ে আদালত অভিযোগ গঠন করেন।চট্টগ্রাম জেলার পিপি মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মামলা প্রমাণের জন্য যে ধারা রাখা দরকার ছিল, প্রথমবার অভিযোগ গঠনের সময় তা রাখা হয়নি। পরে আমি আদালতে ধারা পরিবর্তনের জন্য আবেদন করি।’প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।