বাঁশখালীতে ১২ বাড়ি ভস্ম একজনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী পৌর সদর জলদী তেলিপাড়ায় গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে আগুনে ১২টি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে আসমা আক্তার নামে সাড়ে তিন বছরের একটি শিশু মারা গেছে। আহত হয়েছে আরও ১৫ ব্যক্তি। আগুনের ভয়াবহতা দেখে সুনিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মোহাম্মদ আলম (২৫), শামসুল আলম (৪০), সাজু আকতার (৩৫), কাসেম আলী (২৮), আবদুল মালেক (৩০) ও আহমদুর রহমানকে (২২) বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মোজাহের আহমদ, কালু মিয়া, নবী হোসেন, মাহমুদ উল্লাহ, ফোরক আহমদ, আনু মিয়া, আমির হোসেন, বাবু, জিল্লুর রহমান, নন্দন, ফরিদ আহমদ, হোসনে আরা, মোহাম্মদ হোসেন, জাকের আহমদ ও নূরুল আলম। ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের শতাধিক নারী-পুরুষ বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।