বাঁশখালীবাসীর শঙ্কার সঙ্গে একমত জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশখালীতে সংঘর্ষে নিহত একজনের স্বজনদের আহাজারি। সোমবার রাতে বাঁশখালীর গন্ডামারার চরপাড়া এলাকায়। ফাইল ছবি
বাঁশখালীতে সংঘর্ষে নিহত একজনের স্বজনদের আহাজারি। সোমবার রাতে বাঁশখালীর গন্ডামারার চরপাড়া এলাকায়। ফাইল ছবি

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে বাঁশখালীবাসীর পরিবেশ নিয়ে ক্ষতির আশঙ্কার সঙ্গে একমত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সেখানে গিয়ে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এলাকাবাসীর দাবিকে যৌক্তিক বলেছেন। একই মত দিয়েছেন সুলতানা কামাল।
আনু মুহাম্মদ বলেন, এলাকাবাসীর দাবিটি যৌক্তিক। পরিবেশবিষয়ক ছাড়পত্র ও এলাকাবাসীর মতামত না নিয়ে এই প্রকল্প নেওয়া হয়েছে। এতে বোঝা যায়, মালিকানাধীন প্রতিষ্ঠান গোপনে কাজ করতে চাইছে। তিনি বলেন, দেড় হাজার ইটভাটা হলে পরিবেশের যে ক্ষতি হয়, প্রকল্পটি এখানে হলে সেই পরিমাণ ক্ষতি হবে। প্রকল্পটি অন্য কোথাও করা যায় কি না, তা বিবেচনা করতে তিনি সরকারের প্রতি দাবি জানান।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের সাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে এলাকাবাসীর আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন আনু মুহাম্মদ ও জাতীয় সুন্দরবন রক্ষা কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। তাঁরা সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনাস্থলে গিয়ে কমিটির ব্যানারে মানববন্ধন করেন। এতে এলাকাবাসী অংশ নেন।

স্থানীয় বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী পরিদর্শনে আসা কমিটির নেতাদের কাছে কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প স্থাপিত হলে জনগণের কতটা ক্ষতি হতে পারে, তা তুলে ধরেন।

পরে বক্তব্যে আনু মুহাম্মদ এ ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, তদন্ত কমিটি যেন পকেট কমিটি না হয়।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, জনগণের দাবি সরকারের কানে পৌঁছে দিতে হবে। সরকার শুনেও না শোনার ভান করে থাকলে নিজেদের ক্ষতি হবে। তিনি বলেন, জীবন ও পরিবেশের ক্ষতি করে ন্যায়নীতি উপেক্ষা করে কিছু লোকের লাভ হয়, এ রকম প্রকল্প করা ঠিক হবে না। উন্নয়ন হতে হয় সবার জন্য। উন্নয়নের জন্য জনগণ ত্যাগ করতে প্রস্তুত। উন্নয়ন কতটা জনগণের জন্য, তার ওপর জনগণের ত্যাগ নির্ভর করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে কমিটির ব্যানারে মানববন্ধনে অংশ নেন আনু মুহাম্মদ ও সুলতানা কামাল। এলাকাবাসীও এতে যোগ দেয়। বেলা দেড়টার দিকে তাঁরা বাঁশখালীতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান।

কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কমিটির চট্টগ্রামের আহ্বায়ক কবি ও সাংবাদিক আবুল মোমেন, আইনজীবী সাদিয়া আরমান, প্রকৌশলী কল্লোল মোস্তফা প্রমুখ।

বেলা তিনটায় গণ্ডামারায় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণ্ডামারায় অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সতর্ক রয়েছে পুলিশ।

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত সোমবার গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে দুই পক্ষের লোকজন ও পুলিশের সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন। আহত হন অনেকে। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় লিয়াকতসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: