জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে আজ রোববার বাঁশখালীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে। তবে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে তিন আইনজীবী র্যাবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁরা চাইলে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের অর্থ-সহায়তা দেওয়ার বিষয়ে আসামিদের অস্বীকার করার কিছু নেই।
আসামিদের আবারও রিমান্ডের আবেদন করা হবে কি না, জানতে চাইলে সোহেল মাহমুদ বলেন, ‘দেখা যাক কী হয়। মামলার তদন্ত চলছে। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে।’
গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মো. মাহফুজ চৌধুরীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব। পরদিন চট্টগ্রামের বাঁশখালীর আদালতে তাঁদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় গত বুধবার সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।
তবে শাকিলার আইনজীবী আবদুস সাত্তার গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, গ্রেপ্তার তিন আইনজীবীর বিরুদ্ধে জঙ্গিদের অর্থ-সহায়তা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। মক্কেলদের মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত দিয়েছেন। এতে দোষের কিছু নেই।
শাকিলা ফারজানার স্বামী মো. বাহাদুর গতকালও দাবি করেন, কোনো জঙ্গিকে তাঁর স্ত্রী টাকা দিতে পারেন না।