বাঁশখালীর ইউএনও ও ওসিকে প্রত্যাহারের দাবি

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার এবং গ্রেপ্তার আসামিদের মুক্তির দাবি জানিয়েছেন গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির নেতারা। একই সঙ্গে তাঁরা লোকজন ও পরিবেশের ক্ষতি হয় এমন বিদ্যুৎ প্রকল্প না করারও দাবি জানান।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি করেন নেতারা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির পৃষ্ঠপোষক মাহমুদুল ইসলাম চৌধুরী, কমিটির সভাপতি বদি আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহসভাপতি শফকত চাঁটগামি, আবদুর রহমান, আমিনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জনগণের ক্ষতি করে কোনো প্রকল্প করা হবে না। প্রকল্প বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ দিয়ে লোকজনকে বোঝানো হবে। লোকজন চাইলে প্রকল্প হবে। এটা আধুনিক যুগ। বিদ্যুতেরও চাহিদা রয়েছে। আসলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যাঁদের জায়গায় প্রকল্প হবে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসন করা হবে।