বাঁশখালীর কৃষক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
চট্টগ্রামের বাঁশখালীর কৃষক শফিকুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সিরাজদ্দৌলা কুতুবী এ রায় দেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মফিজ উদ্দিন, মোজাহের আহমেদ, নূর হোসেন, মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন ও আবু আহমেদ। তাঁদের মধ্যে পলাতক রয়েছেন মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন ও আবু আহমেদ। রায় ঘোষণার পর বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার আরও ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের ২ মে বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় ধানি জমিতে গভীর নলকূপের পানি দেওয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা দুলা মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।