বাঁশখালীর গণ্ডামারায় পুলিশি অভিযানের প্রতিবাদে মিছিল
বাঁশখালীর গণ্ডামারা গ্রামের বাসিন্দাদের পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম শাখা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনরত লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। তল্লাশির নামে গণ্ডামারায় ঘরে ঘরে ঢুকে নিরীহ নারী ও শিশুদের হয়রানি করছে পুলিশ। অবিলম্বে এই দমন ও নিপীড়নমূলক আচরণ বন্ধ করতে হবে।
গত ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।
সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য অমৃত বড়ুয়া, গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রের সভাপতি রাজা মিয়া, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মহিম উদ্দিন ও বাসদ (মার্ক্সবাদী) নেতা রফিকুল হাসান প্রমুখ।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নিরীহ কাউকে পুলিশ গ্রেপ্তার কিংবা হয়রানি করছে না। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।