বাঁশখালীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে সংঘর্ষে চার ব্যক্তির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন বাম ছাত্রসংগঠন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্র ফেডারেশন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ। বক্তব্য দেন মতিউর রহমান, মির্জা ফখরুল ইসলাম, শুভ মারমা প্রমুখ।

বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য। শহীদ মিনারে মিছিল শেষে সেখানে সমাবেশ হয়। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. জোবাইরের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম এম পারভেজ লেনিন, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের আনোয়ার সাদাত জুনায়েদ ও ছাত্র ফ্রন্টের সভাপতি ফজলে রাব্বি।

সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।