
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
গতকাল সন্ধ্যায় শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন উন্নয়নের নামে হত্যাকাণ্ড চলছে। সরকার সীমিত গণতন্ত্রের নামে উন্নয়নের বাণী গেলাচ্ছে। কানসাটে, ফুলবাড়ীতে যা ঘটেছে, চট্টগ্রামের বাঁশখালীতেও একই ঘটনা ঘটেছে। বাঁশখালীর ভূমি রক্ষা আন্দোলন সংহতি কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পরিবেশ সমীক্ষা, জনগণের সম্মতি নিয়ে এ ধরনের প্রকল্প হাতে নিতে হয়। কিন্তু সরকার জনগণের সম্মতির কোনো তোয়াক্কা করেনি। তাঁর প্রশ্ন, ‘যদি সত্যিকারের উন্নয়নই হয়, তাহলে তা নিয়ে মানুষের কথা শুনতে অসুবিধা কী ?’
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, সরকার কোনো তথ্য, কোনো যুক্তির পথে হাঁটছে না। সরকার কোনো বিবেচনার মধ্যে নেই। উন্নয়নের নামে লুটপাটকে গায়ের জোরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সাংবাদিক ফারুক ওয়াসিফ তাঁর বক্তব্যে ‘প্রগতি ও উন্নয়নের’ নামে সুশীল সমাজের কেউ কেউ বাঁশখালী হত্যাকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালীর ভূমি রক্ষা আন্দোলন সংহতি কমিটির সদস্য রাখাল রাহা।
বাঁশখালীতে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সংগঠন। ৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।