বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা গতকাল শনিবার এ বিষয়ে আন্দোলনরত এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা করেন। পরে সন্ধ্যায় গণ্ডামারার বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দেন।

এর ফলে আজ রোববার সকালে কাফনের কাপড় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করা হবে না। গত শুক্রবার বিকেলে বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটি গণ্ডামারায় আয়োজিত স্মরণসভা থেকে বিদ্যুৎকেন্দ্র বাতিলের ঘোষণা দিতে শনিবার (গতকাল) সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির সরকারের পক্ষ হয়ে ১৫ দিন সময় চেয়েছেন। তাঁকে শর্ত দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিদ্যুৎকেন্দ্র এলাকাটি পরিদর্শন করবেন। প্রকল্পটি পরিবেশসম্মত কি না, সে বিষয়ে তাঁরা প্রতিবেদন দেবেন। এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রকল্পটি এলাকাবাসীর জন্য ক্ষতিকর হলে কোনো অবস্থাতেই বিদ্যুৎকেন্দ্র করা যাবে না।

লিয়াকত আলী বলেন, সংঘর্ষের পর গ্রেপ্তার করা এলাকার নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে। সাধারণ মানুষের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং লোকজনকে অবাধে চলাফেরার স্বাধীনতা দিতে হবে। এই ১৫ দিন বিদ্যুৎ প্রকল্পের কাজও বন্ধ থাকবে। এসব শর্ত মেনে নেওয়ায় আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

সমঝোতার উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়াকতের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। এই সময়ের মধ্যে প্রকল্পটি পরিবেশসম্মত কি না, পরিবেশবিজ্ঞানীদের এনে যাচাই-বাছাই করা হবে। তা এলাকার লোকজনকে জানানো হবে। লিয়াকতসহ এলাকার লোকজন এই প্রস্তাবে রাজি হন।’

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত সোমবার গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন।

আন্দোলন স্থগিত হওয়ার বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লিয়াকতের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন।’

এ বিষয়ে গুলিতে নিহত মতুর্জা আলীর বড় ছেলে মো. মানিক বলেন, ‘প্রকল্পটি হবে কি হবে না, তা ১৫ দিন পর সিদ্ধান্ত হবে। জনগণের ক্ষতি না হলেই হয়। পাশাপাশি বাবা ও চাচা হত্যারও বিচার চাই। তারা তো আর ফিরে আসবে না।’