বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে গিয়ে সাংসদ দুঃখ প্রকাশ করেন।
২০ অক্টোবর চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ-এর প্রতিবেদক রাহুল দাশকে সাংসদ মুঠোফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
গতকাল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে সাংসদ মোস্তাফিজুর রহমান রাহুল দাশকে জড়িয়ে ধরেন। সিইউজের সাধারণ সম্পাদক মো. আলী প্রথম আলোকে বলেন, সভায় সাংসদ ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। পরে রাহুলকে জড়িয়ে ধরেও দুঃখ প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, পূর্বদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবু তাহের মোহাম্মদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি সমীর কান্তি বড়ুয়া, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।
সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় ২৩ অক্টোবর সিইউজে সমাবেশ করে। এতে সাংসদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।