উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সরকার দলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০ জুনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাংসদ মোস্তাফিজুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ৩ জুন সাংসদ মোস্তাফিজুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে মামলাটি করা হয়। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ১ জুন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে সাংসদ মোস্তাফিজুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।