বাঁশখালীর সাংসদকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর সংসদ সদস্য খারিজের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের বাসভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান।
কাল শনিবার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারি দলের ক্যাডারদের হামলা, সন্ত্রাস এবং প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা পালনের অভিযোগ করে তার প্রতিবাদে এই ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও সহসভাপতি ইফতেখার মহসীন চৌধুরী, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর নাছির উদ্দিন বলেন, ‘বাঁশখালীর এমপি মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা না হলে তিনি নির্বাচনে প্রভাব খাটাবেন। পছন্দের ব্যক্তিদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে ওই এমপি নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে নাজেহাল করেছেন। এটা দুঃখজনক ঘটনা। এর জন্য নির্বাচন কমিশনও দায়ী। কারণ, আমরা অনেক আগে থেকে নির্বাচনব্যবস্থা নিয়ে নানা অভিযোগ তোলা হয়েছিল। নির্বাচন কমিশনকেও ব্যবস্থা নিতে বলা হয়েছিল, কিন্তু কমিশন কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ বলে বাঁশখালীতে একজন নির্বাচন কর্মকর্তা মারধরের শিকার হন।’
মীর নাছির বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুরকে গ্রেপ্তার এবং তাঁর সংসদ সদস্য পদ খারিজের দাবি জানিয়ে আরও বলেন, ‘বাঁশখালীতে এত বড় ঘটনা ঘটে গেছে। স্পিকারের উচিত ছিল ওই এমপিকে ডেকে কৈফিয়ত চাওয়া। এখন এই এমপির সদস্য পদ খারিজ এবং তাঁর গ্রেপ্তার আমরা চাই। কারণ, এই লোক গ্রেপ্তার না হলে বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর নির্বাচন স্থগিত রাখা কোনো সমাধান নয়।’
উল্লেখ্য, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি।