বাঁশখালীর সাংসদের মামলা প্রত্যাহার চায় আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাঁদের দাবি, দলের কিছু ‘স্বার্থান্বেষী’ নেতা জামায়াত-শিবিরের সঙ্গে একজোট হয়ে সাংসদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করার নাটক সাজিয়েছেন। উল্টো নির্বাচন কর্মকর্তার দিকে কয়েকজন প্রার্থী তেড়ে গেলে সাংসদ দুই পক্ষকে ‘শান্ত’ করেন বলে তাঁরা দাবি করেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নেতারা এ দাবি করেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর। এ সময় বাঁশখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ মোস্তাফিজুর রহমান বাঁশখালী উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।
জামায়াত-শিবিরের সঙ্গে দলের কোন নেতারা একজোট হয়েছেন—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী বলেন, যাঁরা আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাইছেন এবং যাঁরা ইউপি নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন, তাঁদের কেউ কেউ এই কাজে জড়িত বলে তিনি মনে করেন।
লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ১ জুন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা সদরে গেলে তাঁর কাছে বিভিন্ন প্রার্থী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জাহিদুল ইসলামের কাছে সাংসদ প্রার্থীদের করা অভিযোগের বিষয়ে জানতে চান। তখন জাহিদুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, তিনি এর জবাব নির্বাচন কমিশনকে দেবেন। এ সময় কয়েকজন প্রার্থী ঘুষ গ্রহণের অভিযোগ তুলে জাহিদুলের দিকে তেড়ে যান। তখন সাংসদ দুই পক্ষকে শান্ত করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন। পরে মিথ্যা ফৌজদারি মামলাও করেন। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা জানান, তাঁরা আদালতে এই মামলা লড়বেন। মামলাটি যে ষড়যন্ত্রমূলক, তা আদালতে প্রমাণিত হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এ অভিযোগ ওঠার পর ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, তাঁর ব্যক্তিগত সহকারী ও বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম এবং উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে আসামি করা হয়।
মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হচ্ছে। আসামিদের বিষয়ে ওসি বলেন, ‘আমরা কাউকে পাইনি।’
এদিকে মামলার বাদী জাহিদুল ইসলাম গতকালের সংবাদ সম্মেলনের বিষয়ে বলেন, ‘আইন আইনের গতিতে চলুক। আশা করি তাঁদের মিথ্যাচার আদালতে প্রমাণিত হবে। গুটি কয়েক ব্যক্তির স্বার্থ উদ্ধার হয়নি বলে আমাকে নিগৃহীত হতে হয়েছে।’