বাঁশখালীর স্থগিত হওয়া ইউপি নির্বাচন ১২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্থগিত হওয়া ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশের কথা গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়।

গত ৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১ জুন বাঁশখালী উপজেলার তৎকালীন নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও তাঁর অনুসারীরা মারধর করেছিলেন বলে অভিযোগ ওঠে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ নিয়ে আপত্তি তুলে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এ কাণ্ড ঘটান। ফলে ওই দিন উপজেলার সবকটি নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি। এই ঘটনায় তৎকালীন নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন সাংসদ মোস্তাফিজুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে তিনি মামলাটি করেছিলেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে স্থগিতাদেশ তুলে দেওয়ার কথা জানিয়ে আমাদের চিঠি দেয়। একই সঙ্গে নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর ইউপি নির্বাচন করার নির্দেশ দেয়। এরপর আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছি।’

স্থগিতাদেশ উঠে যাওয়ার কারণে বাঁশখালীতে আবার বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৬ জুন বাঁশখালীর ১৪টির মধ্যে ১১টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের কারণে উপজেলার খানখানাবাদ, গন্ডামারা ও ছনুয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছিল। ইসি এই তিনটি ইউনিয়নেও নির্বাচন করার আদেশ দিয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা খ ম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলার ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন করার প্রস্তুতি আবার শুরু হয়েছে। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্ট ওই ইউনিয়নের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।