বাঁশখালীর ১১ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি
চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলা দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার বাঁশখালীর সাধনপুরে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ দাবি
জানান।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। ৫৭ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
স্মরণসভায় বক্তারা বলেন, বীভৎস এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এতে সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, কমরেড আবদুল নবী, বাঁশখালী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, পরিষদের উপদেষ্টা শ্যামল কান্তি দাশ ও টুটন চক্রবর্তী,
১১ হত্যা মামলার বাদী বিমল শীল।