বাঁশখালীর ১১ হত্যা মামলার শুনানি ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
গতকাল রোববার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং-এর আদালতে সাক্ষী দফাদার দুলাল চক্রবর্তীর সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত ১৫ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, সাক্ষী দুলাল চক্রবর্তী আদালতকে জানান, ঘটনার দিন তাঁরা গ্রাম পাহারায় ছিলেন। মুখে কালো কাপড় বেঁেধ সন্ত্রাসীরা ডা. তেজেন্দ্র শীলের বাড়িতে ঢুকে। পরদিন সকালে ১১ জনের অঙ্গার উদ্ধার করা হয়। তবে মুখে কালো কাপড় বাঁধা থাকায় সন্ত্রাসীদের চেনা যায়নি।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য ডা. বিমল শীল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আমিন চেয়ারম্যানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেন সিআইডির এএসপি হা চিং প্রু। বর্তমানে এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে।