বাঁশখালীর ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ১২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টিতে আগামী ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ৪ জুন এসব ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত ১ জুন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী মারধর করেন। এ অভিযোগ ওঠার পর সাংসদের বিরুদ্ধে মামলা হয় এবং বাঁশখালীর সব কটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে ইসি।
বাঁশখালীর পুকুরিয়া, কালীপুর, খানখানাবাদ, বাহারছড়া, বৈলছিড়, কাতারিয়া, সরল, গণ্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি, চাম্বল, শিলকূপ ও ছনুয়া—এই ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে সাধনপুর ইউনিয়নের নির্বাচন কবে হবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে বাঁশখালীর ১৩ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিতে তাঁদের জানানো হয়েছে। আগামী ১২ নভেম্বর ১৩ ইউপিতে ভোট গ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের কারণে উপজেলার খানখানাবাদ, গণ্ডামারা ও ছনুয়া ইউনিয়নের নির্বাচন মে মাসে স্থগিত করা হয়েছিল। ৪ জুন ওই তিনটি ইউনিয়ন বাদে বাকি ১১টিতে নির্বাচন হওয়ার কথা ছিল।
বাঁশখালীর বর্তমান উপজেলা নির্বাচন কর্মকর্তা খ ম আরিফুল ইসলাম বলেন, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে উপজেলার ২ নম্বর সাধনপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করায় বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরাও প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ছনুয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্থগিতাদেশ উঠে যাওয়ার খবর পেয়েছি। নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানালে প্রচারণা শুরু করে দেব।’
উপজেলার শিলকূপ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দলের কেন্দ্রীয় সম্মেলন শেষে প্রচারণা শুরু করব।’
স্থগিতাদেশ উঠে যাওয়ায় নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. চাহেল তস্তুরী।