বাঁশজানির মেয়েরা দেখিয়ে দিল

বাঁশজানি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের খুব ফুটবল খেলার শখ। কিন্তু সমাজপতিরা কট্টর—শখ করলেই হলো! ফুটবল হচ্ছে ছেলেদের খেলা। মেয়েরা আসবে কেন? এদিকে মেয়েরাও নাছোড়—ছেলে সহপাঠীরা কিক মেরে বল ওড়াবে, আর নিশপিশ ভাব নিয়ে ওরা পা গুটিয়ে বসে থাকবে? কক্ষনো না।
এমন ধনুকভাঙা পণ ছিল বলে সেই মেয়েরা ফুটবল খেলেই ছাড়ল। শুধু তা-ই নয়, তারা দেখিয়েও দিল, কী করে ফুটবলে চমক দেখাতে হয়!
জেলা শহর থেকে ৪৩ কিলোমিটার দূরের সীমান্তঘেঁষা মেয়েরা গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, সেখান থেকে উপজেলায়, জেলায়, এমনকি বিভাগেও হলো চ্যাম্পিয়ন। এখানে গল্পের শেষ নয়। বরং নতুন গল্পের জন্ম দিয়েছে উত্তরের জনপদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি গ্রামের মেয়েরা। এ বছর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের তৃতীয় স্থান পেয়েছে বাঁশজানি প্রাথমিক বিদ্যালয়ের এসব মেয়ে।
ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পাঁচ কিলোমিটার দূরে এই বিদ্যালয়। ইটের খোয়া বিছানো তিন কিলোমিটার এবং দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা পেরিয়ে এখানে আসতে হয়। পাশেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা সীমান্ত। গ্রামের মধ্যভাগে পাশাপাশি দুটি বিদ্যালয়। বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়। দুই বিদ্যালয়ের সামনে বিশাল মাঠ। সেই মাঠে মেয়েরা ফুটবল খেলা শুরু করে ২০১১ সাল থেকে। আত্মপ্রত্যয়ী এসব মেয়ের ফুটবল দলের দায়িত্ব পান তাদের স্কুলের সহকারী শিক্ষক খালেদা পারভিন।
এলাকার বৈরী মানুষদের খালেদা বোঝাতে সক্ষম হলেন, মেয়েদের ফুটবল খেলাতে দোষের কিছু নেই। সেই থেকে তিনি গড়তে শুরু করলেন দলটি। তাঁর ফুটবল দলের প্রায় সব মেয়েরই চরম দারিদ্র্যের সঙ্গে বাস। কারও বাবা নেই, কারও মা নেই। কেউ স্কুল থেকে গিয়ে মানুষের বাসায় কাজ করে। এই নিয়ে দলকে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। খালেদা বলেন, ‘ছোটবেলায় ছেলেদের ফুটবল দেখে আমারও ফুটবল খেলার শখ হতো। কিন্তু সমাজের কারণে কখনো সেই কথা কাউকে বলতে পারিনি। আমার স্বপ্ন স্কুলের মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ শুরু করলাম।’
মেয়েদের ফুটবল দলের স্থানীয় কোচ আতিকুর রহমান ওই স্কুলেরই অফিস সহকারী। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ফুটবল নিয়ে মাঠেঘাটে পড়ে থাকতাম। লেখাপড়াও এ জন্য বেশি দূর এগোয়নি। আমার খেলার দক্ষতা ছিল, কিন্তু এমন কেউ পাশে ছিল না যে ভালো কোথাও খেলার সুযোগ করে দেবে। তাই স্কুলের চাকরি পাওয়ার পর যখন মেয়েরা ফুটবলে আগ্রহী হলো, তখন তাদের খেলার কোচ হিসেবে কাজ শুরু করলাম। সব সময় তাদের পাশে থেকেছি। আজ এই সফলতায় আমি গর্বিত।’

এবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে চট্টগ্রামের ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারায় এই বাঁশজানির মেয়েরা। ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে হয় এ খেলা। সেখানেই কথা হয় দলের সবার সঙ্গে। এদের একজন আবদুল মতিন। মেয়েরা যখন ফুটবল খেলতে খেলতে জেলা চ্যাম্পিয়ন হলো, তখন কুড়িগ্রামে তাদের খেলা দেখে ভালো লেগে যায় আবদুল মতিনের। ব্যবসায়ী হলেও তিনি ছোটবেলা থেকে ফুটবলে আগ্রহী। অনেক বছর কোচ হিসেবে ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি নিজেই এসে বললেন, মেয়েদের বিনা মূল্যে তিনি ফুটবলের প্রশিক্ষণ দেবেন। কুড়িগ্রাম সদরে তাঁর বাড়ি। সেখান থেকে তিন মাস ধরে ৬০ কিলোমিটার দূরে বাঁশজানি গ্রামে গিয়ে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। ঢাকায়ও এসেছেন দলের সঙ্গে। তিনি বলেন, ‘আমার কিছু চাওয়ার নেই। মেয়েরা যেভাবে খেলেছে, তাতেই আমার যত আনন্দ। মন ভরে গেছে। ওদের জন্য সব সময় আমি তাদের পাশে থাকব।’
মেয়েদের ফুটবল দলকে সারাক্ষণ নানাভাবে সহায়তা করে যাচ্ছেন ভূরুঙ্গামারীর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘মেয়েদের ফুটবল খেলা অনেকে সহজভাবে নিতে পারেনি। কিন্তু ভালো খেলার পর অনেকে উৎসাহ দিচ্ছে। আমি সারাক্ষণ পাশে থাকার চেষ্টা করেছি।’
মেয়েদের খেলা দেখতে এসেছেন কুড়িগ্রামের মাহফুজার রহমান। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কর্মকর্তা। তিনি বলেন, ‘এই খুদে ফুটবলাররা আমাদের মান সম্মান উজ্জ্বল করে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে, মেয়ে হয়েও কীভাবে দেশ সেরা হওয়া যায়।’
জাতীয় পর্যায়ে তৃতীয় হওয়ার পর রীতিমতো ‘তারকা’ হয়ে গেছে বাঁশজানির মেয়ে ফুটবলাররা। যদিও তাদের অনেকেরই জীবন জ্বলজ্বলে নয় তারার মতো। এদের একজন শারমিন আখতার। পঞ্চম শ্রেণিতে পড়ে। বাবা মারা গেছেন, মা আছেন। বাবা মারা যাওয়ার পর পড়াশোনাই বন্ধের জোগাড় হয়ে গিয়েছিল। শারমিন বলছিল, ‘ফুটবলের নেশাতেই পড়া চালিয়ে যাচ্ছি। সবার সহযোগিতা পেয়েছি।’
জাতীয় পর্যায়ের খেলায় দুবার হ্যাটট্রিক করেছে বাঁশজানির স্কুলটির অধিনায়ক স্বরলিকা পারভিন। খেলাই যেন তার ধ্যানজ্ঞান। ভবিষ্যতের কথা জানতে চাইলে সে বলে, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই। আমার এই দলকে আরও অনেক দূরে যেতে চাই।’