বাঁশঝাড়ের আড়ে মস্ত অজগর

কদিন আগেই বাঁশঝাড়টি কেনেন আবদুল আলীম। আজ শুক্রবার দুপুরের দিকে ওই ঝাড়ে বাঁশ কাটতে যান তিনি। হঠাৎ একটি বাঁশের ওপর কালোমতো কিছু চোখে পড়ে তাঁর। একটু খেয়াল করতেই বুঝতে পারেন ওটা একটা সাপ। পরে তাঁর বুদ্ধিতেই ধরা পড়ে আট ফুট লম্বা একটি অজগর।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সদর উপজেলার ঢেলি করটিয়া গ্রামে। টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়ার বাসিন্দা আবদুল আলীম। ঢেলি করটিয়া গ্রামে বাঁশঝাড়টি কেনেন তিনি।
টাঙ্গাইল বন বিভাগের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী জানান, পশ্চিম আকুরটাকুরপাড়ার আবদুল আলীম সদর উপজেলার ঢেলি করটিয়ায় একটি বাঁশঝাড় কেনেন। আজ দুপুরে তিনি ওই ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে একটি বড় অজগর সাপ দেখতে পান। সাপটি একটি বাঁশের ওপর বসে ছিল। ঠান্ডা মাথার আবদুল আলীম সাপটি দেখে ফিরে আসেন। মোটরসাইকেলের একটি হেলমেট ও স্থানীয় কয়েকজনকে নিয়ে আবার ঝাড়ের কাছে যান তিনি। হেলমেট পরে সাপটি ধরার জন্য বাঁশঝাড়ের ওপরে ওঠেন। এ সময় ঝাঁকি লেগে সাপটি নিচে পড়ে যায়। তখন প্রাণীটিকে চটের বস্তা দিয়ে চাপা দিয়ে ধরে ফেলেন তাঁরা।
মো. দেওয়ান আলী জানান, এলাকার লোকজন সাপটি মারার চেষ্টা করে। তবে সবাইকে থামান আবদুল আলীম। পরে এটিকে একটি খাঁচায় ভরে ফেলেন। খবর দেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে। বন বিভাগের লোকজন সাপটি টাঙ্গাইলে তাঁদের হেফাজতে নিয়ে আসেন। সাপটি লম্বায় আট ফুট।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি মধুপুর বন বা বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে।