বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শেখ মোহম্মদ আলী ও চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বিউটি আক্তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রোববার এ দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে হাওলাদার আবু তালেবকে এক হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করে শেখ মোহম্মদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৫ মার্চ বাঁশতলির ইউপি চেয়ারম্যান শেখ আবু সাঈদ রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে পদটি শূন্য হয়।
একই দিনে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শামীমের স্ত্রী বিউটি আক্তার বেসরকারিভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হরেন্দ্রনাথ শিকদারকে চার হাজার ৯১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। গত ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সন্তোষপুর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে পদটি শূন্য হয়।
রামপাল উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশিদ ও চিতলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, বাঁশতলিতে মোট ১০ হাজার ৯৪ জন ভোটারের মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। এখানে মোহাম্মদ আলী চার হাজার ২৯৩ ভোট ও হাওলাদার আবু তালেব তিন হাজার ৫৪ ভোট পেয়েছেন। অপর দিকে, সন্তোষপুরে মোট ভোটার ১০ হাজার ৩৬১ জন। এখানে শতকরা ৭২ শতাংশ ভোট পড়েছে। এখানে বিউটি আক্তার ছয় হাজার ১২১ ভোট ও হরেন্দ্রনাথ শিকদার এক হাজার ২০৯ ভোট পেয়েছেন।