বাঁশবনে কুড়িয়ে পাওয়া শিশুটি এখন 'স্বাধীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশবনের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন ছুরই বিবি (৭০)। হঠাৎ দেখতে পান, বাঁশঝাড়ের গোড়ায় একটি নবজাতক পড়ে আছে। শিশুটি হাত-পা ছুড়ছে। বারবার মুখ হাঁ করছে। শিশুটিকে উদ্ধার করে তিনি বাড়িতে নিয়ে যান। পরে শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা গত ৩০ জুলাইয়ের।

এরপর থেকে ‘নাতি’ পরিচয় দিয়ে হাসপাতালে শিশুটির দেখাশোনা করছেন ছুরই বিবি। তাঁর মেয়ে নাজমা বেগম শিশুটিকে বুকের দুধ পান করাচ্ছেন। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে স্বাধীন। ইতিমধ্যে শিশুটিকে লালন-পালনের জন্য কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন।

ছুরই বিবির বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ছকিরাঐ গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত ছুফিয়ান মিয়ার স্ত্রী। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডের একটি শয্যায় ছুরই বিবি ও নবজাতকটি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ অপেক্ষার পর কথা হয় ছুরই বিবির সঙ্গে। তিনি জানালেন, তাঁর একটু জ্বর, গায়ে ব্যথা হয়েছে। ওষুধ খেয়েছেন।

স্বাধীনকে উদ্ধারের বিষয়ে ছুরই বিবি বলেন, ‘বাচ্চাটার গায়ে একছা (এক সলতে) সুতাও নাই। আত-পাও লাড়ার (হাত-পা নাড়ছে)। আর মুখ দিয়া বারবার আ (হাঁ) করের। ভাবলাম নিজেই পালমু (লালনপালন করব)। বাচ্চাটারে কোলো লইয়া (কোলে নিয়ে) বাড়িত যাইরাম। আমার এক নাতির বউ দেখিয়া জিগায় (জিজ্ঞেস করে) দাদির কোলো বাইচ্চা কার। তখনই জানাজানি অই গেছে। বাড়িত যাইতে যাইতে অনেক মানুষ বাইচ্চারে দেখতা আইছইন (আসছেন)। ২০-২২ দিন ধরি তারে লইয়া আসপাতাল (নবজাতককে নিয়ে হাসপাতাল) আছি।’

হাসপাতালের জ্যেষ্ঠ নার্স ফাতেমা তুজ জোহরা বলেন, ‘বাচ্চাটির সেবাযত্নে কোনো ত্রুটি হচ্ছে না। আমরা দুধ কিনে দিচ্ছি। দুধ বানিয়ে দিচ্ছি। দুধ খাইয়েও দিচ্ছি। আমরা শিশুটির নাম দিয়েছি স্বাধীন।’

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাখলুকা মুর্শেদ বলেন, ‘বাচ্চার অবস্থা ভালো। কোনো সমস্যা নেই। সুস্থ আছে। যারা বাচ্চা নিতে চান, আদালতের মাধ্যমে নিতে পারবেন। আমরা অপেক্ষা করছি।’

আদালতের মাধ্যমে যদি কেউ শিশুটিকে না নেন, তবে ছুরই বিবি তাকে নিজের কাছে রাখতে চান। ছুরই বিবি বলেন, ‘আমারে দিলে বাইচ্চা আমিই পালমু। আমার পুরির (মেয়ের) বুকর দুধ খাওয়াইমু। পুরিয়েও কইছে যার বাইচ্চাই অউক (হোক)।’

শিশুটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান বলেন, ‘আদালতকে শিশুটির বিষয়ে জানানো হয়েছে। সাত-আটজন বাচ্চাটিকে নিতে চাইছেন। এখন আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই কাজ হবে।’