বাঁশমহাল উজাড় করে আগরবাগান!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া বিটের পুটিছড়া সংরক্ষিত বাঁশমহালের বাঁশসহ অন্যান্য গাছপালা উজাড় করে আগর গাছের বাগান করার প্রস্তুতি চলছে। এ ছাড়া ওই বনায়নে উপকারভোগী হিসেবে দরিদ্র ব্যক্তিদের পরিবর্তে ঘুষ নিয়ে সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।বন বিভাগের জুড়ী-১ রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, পুটিছড়া বিটের আয়তন তিন হাজার ৩৭৯ একর। এর মধ্যে বাঁশমহালের জায়গার পরিমাণ এক হাজার একর। কর্তৃপক্ষ বিটের জায়গার ২০ হেক্টর ফাঁকা অংশে সামাজিক বনায়নের অংশ হিসেবে আগর গাছের বাগান করার প্রস্তাব পাঠায়। গত বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি অনুমোদন করে। কিন্তু গত ২৪ মার্চ সরেজমিনে দেখা গেছে, ওই জায়গার অবস্থান মূলত বাঁশমহালের মধ্যেই। সেখানকার ডোবাছড়া ও কালা উপার যাদব অংশ থেকে গাছপালা কাটা হচ্ছে। জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ওই গাছ কাটার কাজ শুরু হয়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আলীপুর ও বড়ডহর গ্রামের একাধিক ব্যক্তি জানায়, চার মাস আগেও ওই মহালে প্রচুর বাঁশ ও বনজ গাছগাছালি ছিল। তারা অভিযোগ করে, ওই বনায়নের উপকারভোগী হিসেবে দরিদ্র লোকজনকে নিয়োগ না দিয়ে এলাকার সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। পুটিছড়া বিটের কর্মকর্তা আবু ইউনুস বন জায়গিরদারদের প্রধান আবদুল হান্নানকে দিয়ে কাজটি করাচ্ছেন। লেনদেনকালে মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওচিত্র তারা এ প্রতিবেদককে দেখায়।বিট কর্মকর্তা আবু ইউনুস ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ভিডিওচিত্রটির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, জায়গাটি আশপাশের লোকজন দখলের চেষ্টা করছিল। তাই সেখানে এ উদ্যোগ নেওয়া হয়। উপকারভোগীদের অন্তর্ভুক্ত করা নিয়ে অবৈধ লেনদেনের বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সামাজিক বনায়ন সাধারণত ফাঁকা জায়গায় করা হয়। বাঁশমহালের জায়গায় বনায়নের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।