বাঁশমহালে ‘বাগান’ করার আগ্রহ বন কর্মকর্তার!
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধলছড়ি সংরক্ষিত বাঁশমহালের ১০০ হেক্টর জমিকে ‘ন্যাড়া’ উল্লেখ করে সেখানে ‘বাঁশবাগান’ করার চেষ্টা চলছে। বন বিভাগের এক বিট কর্মকর্তা বাগান করার জন্য আবেদন করেছেন। আবেদন পাস হওয়ার আগেই তিনি জনপ্রতি আধা হেক্টর জমির উপকারভোগী হওয়ার প্রস্তাব দিয়ে স্থানীয় লোকজনের কাছে ১৫ হাজার টাকা করে দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বন বিভাগের জুড়ী-২ রেঞ্জ (বড়লেখা) কার্যালয় সূত্রে জানা গেছে, এই রেঞ্জের সমনভাগ বিটে ধলছড়ি সংরক্ষিত বাঁশমহালের অবস্থান। মহালটির আয়তন প্রায় ৮৭৮ হেক্টর। সূত্র জানায়, পাহাড় ন্যাড়া থাকা সাপেক্ষে সামাজিক বনায়নের মাধ্যমে স্বল্পমেয়াদি (১০ বছরের জন্য) বাঁশবাগান করার জন্য মাস দেড়েক আগে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের চিঠি দেন জুড়ী-২ রেঞ্জের কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে সমনভাগ বিটের কর্মকর্তা আবুবকর খান ধলছড়ি বাঁশমহালের ১০০ হেক্টর জায়গা ন্যাড়া উল্লেখ করে ‘বাঁশবাগান’ করার অনুমোদন পেতে রেঞ্জ কর্মকর্তা বরাবর একটি প্রস্তাব পাঠান। পরে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠানো হয়। দুর্গম পাহাড়ি ধলছড়ি বাঁশমহালের বিভিন্ন অংশ ঘুরে ‘ন্যাড়া’ জায়গার অস্তিত্ব পাওয়া যায়নি। বিস্তীর্ণ এলাকাজুড়ে ‘মুলি’ ও ‘খাং’ জাতের বহু ছোট বাঁশ চোখে পড়ে। দেখা যায়, বেশ কিছু গাছপালাও।বন বিভাগের একটি সূত্র জানায়, প্রকৃতপক্ষে ধলছড়ি বাঁশমহালের ‘মুলি’ ও ‘খাং’ জাতের বাঁশগুলোকে কেন্দ্র করে বিট কর্মকর্তা প্রস্তাবিত বাঁশবাগানের নামে প্রতারণার ফাঁদ তৈরি করেছেন। বছর দুয়েক পর বাঁশগুলো পরিপক্ব হলে বিক্রিযোগ্য হবে। তখন আধা হেক্টরের বাঁশ (প্রতিটি পাইকারি হিসাবে ১০ থেকে ১৫ টাকা) প্রায় লাখ টাকায় বিক্রি করা যাবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সমনভাগের বিট কর্মকর্তা তিন-চার সপ্তাহ আগে স্থানীয় লোকজনকে ডেকে প্রস্তাবিত বাঁশবাগানের উপকারভোগী হওয়ার প্রস্তাব দেন। প্রতি উপকারভোগীকে আধা হেক্টর করে জায়গা দেওয়ার কথা বলা হয়। উপকারভোগী হিসেবে নাম অন্তর্ভুক্ত করাতে জনপ্রতি ১৫ হাজার টাকা করে দাবি করা হয়। সূত্র জানায়, বিট কর্মকর্তার প্রস্তাব পেয়ে কিছু লোক কয়েকটি গ্রুপ করে উপকারভোগীদের নাম অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেন। একেকটি গ্রুপে ৩০ থেকে ৫০ ব্যক্তির নাম আছে। লোকজন ডেকে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সমনভাগ বিটের বন কর্মকর্তা আবুবকর খান। তিনি দাবি করেন, ধলছড়ি বাঁশমহালের অনেক বাঁশ মরে গেছে। তাই সেখানকার ১০০ হেক্টর জায়গায় বাগান করতে তিনি প্রস্তাব পাঠিয়েছেন।জুড়ী-২ রেঞ্জের (বড়লেখা) কর্মকর্তা হেলাল আহমদ গতকাল বুধবার জানান, ধলছড়ি বাঁশমহাল পরিদর্শনের পর ওই প্রস্তাব অনুমোদন না করার অনুরোধ জানিয়ে গত মঙ্গলবার তিনি বিভাগীয় বন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেখানে বাঁশ আছে, সেখানে কোনোভাবেই নতুন করে বাঁশবাগান করা যাবে না। এ ধরনের কোনো প্রস্তাবও অনুমোদন হবে না।’