বাঁশিতে মেতে আছে দেবীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রাম বাঁশির গ্রাম হিসেবে পরিচিত। এ গ্রামের দুই শতাধিক পরিবারের প্রায় এক হাজার মানুষ বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকে। সারা বছরই এসব মানুষ বাঁশি তৈরি করে থাকে। তবে কেবল বৈশাখ এলেই তৃপ্তির হাসি ফুটে ওঠে এসব বাঁশির কারিগরদের ঠোঁটে।
গত মঙ্গলবার ওই গ্রামে ঘুরে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি বাড়ির বারান্দা, আঙিনা ও বাড়ির বাইরের খোলা জায়গায় গাছের ছায়ায় কারিগরেরা বসে বাঁশি তৈরির কাজ করছেন। পরিবারের নারী-পুরুষ সবাই ব্যস্ত। কেউ নলখাগড়া বা নলের গাছ কেটে বাঁশির বিভিন্ন ভাগ তৈরি করছেন। আবার কেউ সেই বাঁশিতে জরি ও বেলুন লাগাচ্ছেন।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামের দুই শতাধিক পরিবার সারা বছর নলের বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকে। এই গ্রামের বেশির ভাগ মানুষই দরিদ্র। গুটি কয়েক পরিবার নিজেদের জমিতে নল বা নলখাগড়ার চাষ করে। এ ছাড়া বেশির ভাগ মানুষ বিভিন্ন এনজিও এবং মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে নল কিনে বাঁশি তৈরি করে। সারা বছর বাঁশি তৈরি হলেও বৈশাখী মেলা, দুই ঈদ ও দুর্গাপূজার সময় বাঁশি বিক্রি বেড়ে যায়। পয়লা বৈশাখ থেকে শুরু করে মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে চলে বৈশাখী মেলা। এসব মেলায় বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানের ক্ষুদ্র ব্যবসায়ীরা দেবীপুর থেকে বাঁশি কিনে নেন। সব মিলিয়ে প্রতিবছর এ গ্রাম থেকে ৫০ থেকে ৬০ লাখ বাঁশি দেশের বিভিন্ন স্থানে যায়।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ৭০ থেকে ৮০ বছর আগে সর্বপ্রথম এ গ্রামে আলেক মণ্ডল নামের এক ব্যক্তি বাঁশি তৈরির কাজ শুরু করেন। পরে ক্রমশ তাঁর দেখাদেখি পুরো গ্রামের মানুষ এ পেশায় জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে প্রতি হাজার বাঁশি ৮০০ থেকে ১২০০ টাকায় পাইকারি দামে কিনে নেন। এসব বাঁশিই আবার মেলায় গিয়ে প্রতিটি ১০ থেকে ১৫ টাকা করে বিক্রি হয়।
আলেক মণ্ডলের ছেলে আনিসুর রহমান বলেন, ‘আমার আব্বা এ গ্রামে সর্বপ্রথম বাঁশি তৈরির কাজ শুরু করে। ছোটবেলা থেকে আব্বা-আম্মার বাঁশি বানানো দেখতে দেখতে আমিও বাঁশি বানানো শিখেছি। এখন তো গ্রামের এমন কোনো ঘর নেই, যেখানে বাঁশি তৈরি হয় না। এখন আমি নিজে বাঁশি তৈরি না করলেও গ্রামের দরিদ্র মানুষদের নল, জরি ও বেলুন সরবরাহ করে বাঁশি তৈরি করিয়ে নেই।’
তিনি আরও বলেন, গ্রামে ৪০টি পরিবারের কাছে তাঁর বাঁশি তৈরির কাজ রয়েছে। তিনি বলেন, ‘সারা বছর বাঁশি তৈরি হলেও বৈশাখী মেলা উপলক্ষে সবচেয়ে বেশি বাঁশি বিক্রি হয়। চলতি মাসে এখন পর্যন্ত ১০ লাখ বাঁশি বিক্রি করেছি। টাকার অঙ্কে আনুমানিক ১৫ লাখ টাকার বাঁশি বিক্রি হয়েছে।’
গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ খোকন বলেন, তাঁর জমাজমি বলতে কিছুই নেই। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে নল কিনে এবার ১০ হাজার বাঁশি তৈরি করেছেন তিনি। বেশি লাভের আশায় তিনি নিজেই মেলায় গিয়ে বাঁশি বিক্রি করবেন।
মোহাম্মদ খোকন আরও বলেন, ‘প্রতিটি বাঁশি পাইকারি ব্যবসায়ীরা এক টাকা করে কিনে নেয়। অথচ এই বাঁশিই মেলায় ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়। তাই এবার ঠিক করেছি নিজেই মেলায় গিয়ে বাঁশি বিক্রি করব। আমার মতো গ্রামের আরও ২০-২৫ জন ছেলে ঠিক করেছি। এবার আমরা নিজেরাই চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন বৈশাখী মেলায় বাঁশি নিয়ে যাব।’
বাড়ির উঠানে বসে গত মঙ্গলবার বাঁশি তৈরি করছিলেন নাসির উদ্দিন ও মৌসুমি বেগম দম্পতি। জানতে চাইলে তাঁরা বলেন, বাঁশি তৈরি তাঁদের প্রধান পেশা। পরিবারের ছয় সদস্যের সবাই বাঁশি বানাতে পারে। এবার মেলা উপলক্ষে তাঁরা ৪০ হাজার বাঁশি বিক্রি করেছেন। এখনো প্রায় ১০ হাজার বাঁশির অর্ডার আছে। পয়লা বৈশাখের মধ্যেই এসব বাঁশি সরবরাহ করতে হবে। হাতে আর সময় নেই। তাই এখন পরিবারের কারোরই দম ফেলার সময় নেই। রাত-দিন কাজ করতে হচ্ছে।