
মৃদু আলোর সকালে বাঁশির স্নিগ্ধ সুরে শুরু। এরপর সমবেত কণ্ঠে গান, একটু নৃত্য। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন আর সবশেষে শরত্-কথন। এভাবেই কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হলো বাংলা ১৪২১ সনের শরত্-উত্সব।
এবারের শরৎ-উত্সবের আয়োজক সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শরতের নীল আকাশের নিচে আজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতে শিল্পী উত্তম চক্রবর্তীর সুরেলা বাঁশির সুর। এরপর শরতের শিউলি ফুলের বার্তা গানে গানে নিয়ে আসে সুরবিহারের শিশুশিল্পীরা। তারা সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘শিউলি ফুল শিউলি ফুল, ও এসো মোহন মোহনীরূপে।’
শৈশবের কানামাছি, দড়িলাফ খেলা খেলে শুরু হয় সমবেত নৃত্য। ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানের সঙ্গে নটরাজের শিশুশিল্পীরা সমবেত নৃত্য করে।
শিল্পী অণিমা রায় গেয়ে শোনান ‘দেখো দেখো শুকতারা’ গানটি। এরপর শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’ সমবেত সংগীত কণ্ঠে গান করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
একক আর সমবেত গানের পর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে কবিতা আবৃত্তি করেন লায়লা আফরোজ।
আবৃত্তি শেষে আবার শুরু সমবেত নৃত্য।‘শরৎ তোমার অরুণ আলো’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ ফাইন আর্টস একাডেমির শিক্ষার্থীরা। স্পন্দনশিল্পীরা নৃত্য পরিবেশন করেন ‘ঢাপুরঢুপুর বোল বাজে বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে। এ পর্বের শেষে ‘তোমরা যা বলো তাই বলো’ সংগীতে দলীয় নৃত্য পরিবেশন করেন স্বাধীনতা একাডেমির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দ্বিতীয় মঞ্চে ‘শরত্কাল’ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোরেরা।
অনুষ্ঠানের শেষ পর্বের শরৎ-কথন পর্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুচ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী ও রবীন্দ্রগবেষক হায়াৎ মামুদ।