বাঁশির সুরে সতেজ সকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে মুরং জনগোষ্ঠীর বাঁশির সুর, অন্য পাশে শত বছর ধরে চলা সাঁওতালদের বিয়ের নাচ। এর বাইরেও ঢাকঢোল, পাহাড়ি নাচসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যগত পরিবেশনা যেন রাজধানীর কোলাহলকে পেছনে রেখে নিয়ে যায় প্রকৃতির কাছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গতকাল শুক্রবারের সকালটা ছিল এমনই। মারমা, মণিপুরি, গারো, রাখাইন, সাঁওতাল, চাকমা, হাজং, ওঁরাও, ত্রিপুরা ও খাসি সম্প্রদায়ের আদিবাসীরা তাদের নানা রকমের পরিবেশনায় মুগ্ধ করে সবাইকে।
দুদিনের এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘আদিবাসী সাংস্কৃতিক উৎসব’। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত এই উৎসবের স্লোগান ‘বৈচিত্র্য বহুত্বের ঐকতানে, এসো মিলি সর্বপ্রাণে’।
অনুষ্ঠান উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘এখানে বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির মিলন ঘটলেও দেশ একটাই, বাংলাদেশ...আদিবাসীদের জীবনধারাকে আরও গভীর থেকে অনুধাবন করতে হবে...আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণে সরকারকে আরও আন্তরিক হতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশে নতুন ধারা শুরু হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন ইতিহাসের ধারা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, ‘আদিবাসী শব্দটিকে এমনভাবে চিহ্নিত করা ঠিক হবে না যে তাদের সঙ্গে আমাদের মূলধারার কোনো সম্পর্ক নেই। আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি দিয়ে দেশকে নতুনভাবে আবিষ্কার করতে হবে।’