বাঁশের খুঁটি পুঁতে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর-রহমতচর রাস্তার কালির পাঠ এলাকার প্রভাবশালী এমদাদুল হক রাস্তার কিছু অংশ তাঁর পৈতৃক সম্পত্তি দাবি করে বাঁশের খুঁটি পুঁতে এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর-রহমতচর রাস্তা দিয়ে রহমতচর, নয়ার বাজার, চর রহমত, সরকারপাড়া ও তাম্বুলপুর এই পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করে। রহমতচর গ্রামের আ. হামিদ সরকারের ছেলে এমদাদুল হক গত বুধবার সকালে কালির পাঠ এলাকায় রাস্তার কিছু অংশ পৈতৃক সম্পত্তি দাবি করে বাঁশের খুঁটি পুঁতে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে এলাকাবাসী এখন জমির আইল দিয়ে যাতায়াত করছে। এলাকাবাসী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করলেও এখন পর্যন্ত প্রশাসন রাস্তা থেকে খুঁটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। রহমতচর গ্রামের সবুজ মিয়া, আ. ছাত্তার সরকার, আ. মান্নান মিয়া এবং তাম্বুলপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আ. হাই মিয়া জানান, রাস্তায় বাঁশের খুঁটি পুঁতে মানুষ চলাচলের পথ বন্ধ করে দেওয়ার বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। কিন্তু গত চার দিনেও প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির সর্দার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। অভিযুক্ত এমদাদুল হক বলেন, ‘রাস্তার ওই অংশটি আমার পৈতৃক সম্পত্তি। তাই আমি রাস্তায় বাঁশের খুঁটি পুঁতেছি।’ পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাহাবুবার রহমান বলেন, ‘আমি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।